সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৃষ্টিফোঁটা ৪



ঝড় বোলানো আলতা বিকেল। দিগন্তেরও রংবদল
বৃষ্টি পায়ে আকাশ পেরোয় নোনতা আলোর মফঃস্বল

ইচ্ছে করেই ছাতার দেমাক, হয়নি রাখা। ভেজার সুখ
আগ বাড়িয়ে ফ্ল্যাশব্যাকে যায়, পাশের সিটে ও কার মুখ!

বান্ধবী নয়, নাম জানি না। জানলা চেনায় গন্ধ তার
চোখের পাশেই চোখ রেখেছি, ভুলেই যদি একটিবার

করতে আলাপ এগিয়ে আসে, চুল সরিয়ে ঠোঁটের তিল
যত্ন করে সাজিয়ে নেব গল্প শুরুর অন্ত‍্য‍মিল

অথচ তার ব্যস্ত আঙুল, হাওয়ার কাছেও খবর এই
এমনিতে সে মুখচোরা তায় কানের দুলের সম্মতি নেই

কাজেই অকাজ বৃষ্টি দেখা। ভাবছি এমন ঝড়ের পর
হঠাৎ আসে একটা দুটো পথ্য বিহীন তুমুল জ্বর

সফরকালীন এ জ্বর ভালো, ঘোরের ভেতর সহজ খুব
পাল তোলা এক নৌকো নিয়ে মাঝদরিয়ায় ইচ্ছে ডুব

অনুযোগের পরেই বুঝি, ও চোখ বোধয় সাঁতার জানে
সবটুকু তাই হয়না ডোবা, রাস্তা ফুরোয় জলের টানে

ফুরিয়ে আসে মেঘমিছিলও। হয়না জানা কার্যত
ও মেয়ে তোমার নাম রেখেছি বৃষ্টিফোঁটা, পছন্দ তো ?
--------------

৭ এপ্রিল'২০১৮

মন্তব্যসমূহ