১ গোটানো সুতোর চাঁদ নিঝুম পাড়ার গতি। একটি মাত্র মাকু, সচল নতুন গামছা বেচে কিনেছে কর্কট ফুলে ওঠা চৈত্রমাস। ফের চতুর্থটি এঁটে আছে অনায়াসে দ্বিতীয়ার কোলে এবং বেলার শেষে ঘামের কলম ঝেড়ে আবেদন পত্র লেখা সেরে বাড়তি গামছা বেঁধে ফেরে তার বেকার তিরিশ ২ সারসের ভেজা ঘ্রাণ ধূসরের আগে ও পেছনে অপয়া পালক বেছে ভাসিয়েছে জলজ দেবতা। বাকিটুকু নৈবেদ্যর পাতে তখনও জীবিত কেঁচো কিছু গড়িয়ে নেমেছে। ঠোঁটে বিগত দিনের যত পরিযায়ী এঁটো ছুঁয়ে ছুঁয়ে সাজিয়েছে ফুল। আজ বাসন্তীও যাবেন ভাসানে ------------- রচনাকাল : ২০১৮