দুপুরে অসাবধানে ঘুমিয়ে পড়েছিলে । ঘুম ভাঙলো যখন, খুচরো পয়সার মত বিকেল ছড়িয়ে রয়েছে বিছানায় । তার কয়েকটি আবার অচল'ও ...কুড়িয়ে রাখছ পরম যত্নে । এরইমধ্যে বৃষ্টি ডেকে গ্যাছে বেশ কয়েকবার । তোমার শোনা হয়'নি । তোমার দেখা হয়'নি মেঘের আলোয়ান গায়ে ঘরফেরতা শহরতলির মুখ । প্রায়ই এমন হতে হতে চারপাশটা অচেনা হয়ে উঠছে ক্রমে । কলিং বেল ,এঁটো বাসন, আবাসনের খুঁটিনাটি ...এসব উটকো অতিথিদের বিদায় জানিয়ে হাঁপ ছাড়লে অবশেষে । চায়ের কাপে সুগার-ফ্রী গুলতে গুলতে জানলার কাচে নিজের প্রতিবিম্ব দেখতে চাইলে তুমি...ঠোঁটের বাঁ পাশের ফোসকা ছুঁয়ে আকাশের জ্বর মেপে নিলে অভ্যেসমত । সময় তবুও তোমার সাথে কথা বলছে না l কয়েক পা এগিয়ে যাওয়ার গর্বে পেছন ফিরে দেখছে তোমায় ...কথা বলছে না । তোমার দৃষ্টি স্থির তবু তারই দিকে । তোমার দৃষ্টি শূন্য...তোমার সময় রোজ শূন্য থেকে শুরু হয়... দিগন্তের পায়ে আলতা বুলিয়ে গ্যাছে গোধূলি রঙের মেয়েটি । তোমারও হাতের কাজ হালকা হয়ে এসেছে এতক্ষণে । পাশাপাশি বাড়ির পর্দা সরিয়ে গল্প বলতে বসেছে প্রাইমটাইম সিরিয়ালগুলি । এদিকে তোমার টিভি রিমোট আলগোছে পড়ে থাকে চশমার পাশে চিরাচরিত...