আজকাল বিকেলের কাছে গুটিগুটি এসে বসে মেয়েবেলা l দূরে রথের দড়িতে টান পড়লে আকাশের মুখভার হয়ে ওঠে নিমেষেই l নাহ্ ..সময়ের আর মেলায় ফেরা হয়'না l কাদা পায়ে রেখে আসা হয়'না বয়ঃসন্ধির ছাপ l বাদাম ভাজার গন্ধে যাবতীয় চাওয়া পাওয়া খুঁজে নেওয়া আঙ্গুলের ফাঁক দিয়েই এখন অনায়াসে গলে যায় একেকটি মেঘমাস l নির্লিপ্ততা যাপন করে আষাঢ়ের দিন l আজীবন নাগরদোলায় অনাশক্ত চোখগুলোকে প্রাণপণে ফিরিয়ে নিই আলোর দিকে ,কোলাহলের দিকে ,মাটির পুতুলের দিকে ..এখনও মনে মনেই l অথচ ছুঁয়ে দেখা হয়'না আর রঙবেরঙের কাগজ ফুল l আলোর পোকারা ভীড় করে থাকে পাঁপড়ি চাটের আশেপাশে আজ'ও ,শুধু আমাকেই বড় অচেনা লাগে তাদের l সঙ্গে আনা লিস্টের সাথে মিলিয়ে মিলিয়ে বই কেনার বিকেলগুলো অযথাই খরচ হয়ে গেছে জেনে ফিরে আসে শব্দের খুচরোরা l আমায় নতুন বইয়ের গন্ধ চেনাতে হঠাৎ বৃষ্টি বোঝাই করে হেঁটে আসে নীল লুঙ্গি ,চওড়া বুকের ফেরিওয়ালা l উঠোন ভর্তি ছড়িয়ে থাকে মেলায় যাওয়ার বায়নাগুলি ....মেয়েবেলারা পায়ে পায়ে উঠে যায় সিঁড়ি বেয়ে l কার্ণিশের কাছাকাছি এসে আটকে থাকে ছেঁড়া ঘুড়ি l ওর গায়ে লাল পাহাড়ের গল্প লেখা থাকে l শেষ বিকেলের ...