তোমাকে বেপথ বলে জেনেছে পথিক
যেখানে মনুষ্য-শ্বাস পড়েনি কখনও
সাহসী ফুলের ঘ্রাণ একা একা খেলে যায় শান্ত বাতাসে
যেন শিশুর দুপুর পাওয়া, কমে আসা গ্রীষ্মের দিন
মায়া জ্যোৎস্নায় হ্রদে পরীদের অবগাহনের মতো
জনশ্রুতি এবং
মৃগ শাবকের ক্ষণিকের আত্মীয়তা,সন্ত্রস্ত চাহনি
এসব পাঠোদ্ধারে পটু নয় পথিক তেমন
সে দেখেছে শেষ রাতে জনশ্রুতি
কীভাবে সত্য হল শুধু
ধ্রুবতারা তার রহস্যময়তা থেকে উঠে এসে কপাল ছুঁলেন
তুমি বলো, কবিতা-ও বলো
নিতান্ত অক্ষরজ্ঞানহীন এ অভাগা
ফিরে গিয়ে তোমার বিষয়ে মিথ্যা ছাড়া কী লিখবে আর
-----------
রচনাকাল: মার্চ' ২০২০
মন্তব্যসমূহ