সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আরোগ্য



চাঁদ ও রেডিও। মৃদু স্বরে বেজে চলা
প্রিয় দশকের গানগুলি। এসব তো অজুহাত
তোমার কথা-ই আসলে যা ঘুরে ফিরে আকাশের পথে
সোনালী আলোর মতো ফুটে আছে দূরে

কাছে নিঝুম বাগান, অন্ধ পেঁচাটি আর
ছেড়ে যাওয়া শেষ ট্রেন। একাকী স্টেশনে
গরম চাকার ঘ্রাণটুকু ছড়িয়ে কেবল

ঘুম আসেনি যে আজ-ও। তুমি এলে?
তারা খসা দেখে হাতদুটি জড়ো করে আবার চাইলে মনে মনে?
তবু এ অসুখ বুঝি সারবে না কোনওদিন



এত চাওয়া রেখো না আঙুলে
ভোরের নিকটে চাঁদ-ও দ্যাখো ফিকে হয়ে এল

ঘোর থেকে যতবার জেগে উঠি, দেখি
ছেঁড়া ছেঁড়া কুয়াশা আলোকে
গ্রহণ সাজিয়ে রেখে রাত হেঁটে গ্যাছে কৃষ্ণা-প্রতিপদে
দুয়েকটি তারা, যেন তোমারই জ্বালানো জাগর
প্রবল অসুখে তেতে ওঠা এ কপাল আর
তোমার সোনার হাত স্পর্শ মাত্র পুড়ে যায়
পুড়ে যায় পাইনের, দেবদারু পাতার মতন

খাদের কিনার। এত চাওয়া নিয়ে বলো কোথায় দাঁড়াবে
বরং তফাতে থাকো। আমাদের স্বপ্নগুলো
হুবহু মিলুক এসে না পাওয়া আরোগ্যের সাথে
--------
রচনাকাল : ২০১৯

মন্তব্যসমূহ