সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রস্থান


বরং গুছিয়ে নাও। হুইসেল কুয়াশা পেরলো
সময়ের ঘরবাড়ি ফেলে এসে দুয়ারে দাঁড়াও
চৌকাঠ, স্বস্তিক লাল ― ফেরাবে ভেবেছ সে তোমায়
পায়ের পেছনে পা-ও ফিরে আসে তুমি চলে গেলে
এ ঘরে জাগর জ্বলে। ধোঁয়ার আদলে তুমি জ্বলো
গুঁড়ো ফুল, গুঁড়ো স্মৃতি। গুঁড়ো হয়ে ফেরো অবেলায়
তারপরও কথা হয়; আঁচল সরালে ব্যথা হয়
একে একে বেজে ওঠে কাঁসার বাসন ভাঙা চুড়ি

ট্রেনের শব্দে মিশে নরম শ্বাসেরা ঘোরে ফেরে 
বাঁক থেকে বাঁক ছুঁয়ে আবারও চোখের জিজ্ঞাসা
কতদূর? কতদূর গেলে সব ঝাপসা দেখায়
কতখানি পথ গেলে বেহায়া পথের চিহ্ন মোছে
সেইসব নিরুত্তর প্রস্থান হাওয়ার সমান
মেঘ করে আসে আলো ছেড়ে গেলে প্রিয় ছায়াতল
----------
রচনাকাল : জুন' ২০১৮

মন্তব্যসমূহ