তোমাকে দু-চার কথা লিখবো ভেবেছি। এতদিনে
মনেহয় ও শহর ভালোবেসে ফেলেছ কিছুটা
বলেছিলে, ছোট এক ব্যালকনি পেয়ে বেশ খুশি
আগামী শীতের আগে টব কিনে সার,মাটি দেবে
একটি চারার নাম 'মন' রেখো। আলোছায়া এনে
যতনে সাজিও তাকে। ফুল হলে জানিও, কেমন
জানালায় আলো এসে পড়েছে। এখনই দূর থেকে
মন্ডপের চূড়া দেখা যায়। এসময় টের পাই
উৎসব ফুরোলেই উপহার সাজানোর পালা
অথচ আঙুল ছুঁয়ে শুভেচ্ছা জানানো হবে না
রাগ হবে ? যদি বলি এমনিই ভুলে গেছি, আর
বুড়োপলাশের মাঠে জোনাকিরা হারিয়ে গিয়েছে !
ক্রমশ কমছে বেলা। অক্টোবর দাঁড়িয়ে উঠোনে
তুমিও এ জন্মদিনে ভুলে থাকা শিখে যাবে, দেখো
---------
রচনাকাল : অক্টোবর ২০১৮
মন্তব্যসমূহ