১
ছায়াটির কাছাকাছি এইখানে বিকেল নীরব
কে যেন দেখিয়ে গেল নুইয়ে পড়া পাহাড়টিকে
আমরা দাঁড়িয়ে ঠায়, ময়ূর আসেনি একটিও
লাল সূর্যাস্তের পাশে পালক ছড়িয়ে রেখে গেছে
টিলার ওপারে মাঠ। সবুজের ফাঁকে মৃদু আলো
জনপদ যেন এক পরিপাটি শবর কিশোরী
তার আনত মুখের কাছে বসে আমরা দুজন
যাবতীয় বোঝাপড়া সেরে নেব ভেবেছি এবারে
২
নেমেছি যখন, ভোর। হাইওয়ে, ঘুমভাঙা কোনও
এক শিশুর আদলে জড়িয়ে রেখেছে শীত। পাশে
আবছা গানের কলি, ধোঁয়া মাখা চায়ের দোকান
পরিযায়ী পাখিদের আনাগোনা। প্রিয় জলাধারে
ডিসেম্বরের যত মনগড়া দৃশ্য সাজানো
অথচ দেখাই কাকে, বিশ্বাসই করবে না জানি
মুঠোফোনে একই নামে কতবার আঙুল রেখেছি
আগেও এসেছি যেন, আগেও মেখেছি বহুবার
সবুজের খুব কাছে শিশিরের প্রসাধন। শোনো
তোমায় বলিনি শুধু বাড়াবাড়ি মনে হয় যদি
সঙ্কোচে রাখিনি এই বছর শেষের আয়োজনে
------------------------
রচনাকাল : ডিসেম্বর ২০১৮
৩
এবং এ জাড়মাস একাকীই এসেছে এবার
শাল পলাশের চোখে নিভে গেছে গল্পেরা
শুকনো পাতার ধোঁয়া তবুও কোথাও
মৃদু আঁচে স্মৃতিদের বাঁচিয়ে রেখেছে। আমি
একই পথে হাঁটছি খেয়ালে। পাথুরে জলধারায়
পা ডুবিয়ে চেয়ে আছি কুয়াশার দিকে
ওই নিঝুম টিলার প'রে জ্বলে আছে মেঠো গ্রাম
আধো আধো মহুয়ার ঘ্রাণ ― যতটুকু
থেকে গেলে ভাবি ভালো হত
আসলেই সব বোঝাপড়া একদিন
ভেসে যায় জল হয়ে,আলো হয়ে গোধূলির মতো
-----------------
রচনাকাল : ডিসেম্বর ২০১৯
মন্তব্যসমূহ