সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অক্টোবরস


দীর্ঘদিন পর কথা হল। আমরা পরস্পরের থেকে
স্মৃতিদের গুটিয়ে নিয়েছি। ঠিক যেন নতুন আলাপ
বহুবার আঙুল কেঁপেছে, এসময় আর যা যা হয়
তুমিও কি টের পেয়েছিলে, যদিও ঝড়ের মাস নয়
ঝড় উঠেছিল। জানালায় ফিরে যেতে দেখেছি আলোর
সুর, তোমার গাওয়া গানের যতটুকু জমাতে পারিনি

ভালো আছো শোনবার পর আরও কিছু বলতে চেয়েছো
মনে হল। সময় ছিল না, যেমন থাকেনি প্রতিবার
শুধু আমি থেকে গেছি খুব সুখ সুখ এই অভিনয়ে
ইদানিং সব সেরে ওঠা নিজে নিজে শিখে নেবো ― ভাবি



আদরের মতো স্বাদ রিনরিনে চুরির আওয়াজে
ঢাকা দেওয়া খাবারের পাশে সে যখন এসে বসে, চোখ
প্রতিটি গ্রাসের সাথে ভালোবাসা মেখে মুখে তোলে
এসব দৃশ্য থেকে রাতবালিশের কাছে ফিরি
ছাতিমের ঘ্রাণ যেন ঘুমের ওষুধ। জানালার
জাল কাটে আলো। দূরে কারা ভালো হওয়া লিখে রাখে
ডায়রির ভাঁজে। আমাদেরও খেইহারা ব্যথা
চাঁদ হয়ে ঝুলে থাকে উৎসবে, দশতম মাসে

------------
রচনাকাল : অক্টোবর ২০১৮

মন্তব্যসমূহ