সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এখানে মেঘের জ্বর


আসলে এ দীর্ঘ পথ একা একা ফিরব ভেবেছি
বারান্দা থেকে যে ঘরে জলের শব্দ শোনা যায়
ততখানি যেতে যেতে মনে হল পাহাড়ে কোথাও
উঁচু দেবদারু বন, চা বাগানে বৃষ্টি নেমেছে

তার ছেঁড়া আঁচলের ঘ্রাণ, পাইন পাতার মতো
গুঁড়ি গুঁড়ি স্বর এসে মিশছে এ শুকনো হাওয়ায়

এদিকে মেঘের জ্বর, রোদে পোড়া অসুখী শহরে
ছায়া সরে এলো, তুমি নীল শাড়ি রাস্তা পেরোলে



কোনওদিন মনে পড়বে না ভেবে দুজনেই
আলাদা আলাদা স্মৃতি ভাগ করে বাড়ি নিয়ে গেছি

শহরে বর্ষা আর ফিরবে না এই বিশ্বাসে
পরিচিত পথ-ও যেন এ ওকে চেনেনি বহুকাল

অথচ অকস্মাৎ মেঘ ভাঙা জল আর তুমি
ছাতা খোঁজবার নামে এত এত পালক ঝরালে

ওই প্রজাপতি ব্যাগ, সাথে যতগুলি পাখি উড়ে গেল তারা জানে
আমাদের এই একটি আকাশ ছাড়া বেশি কিছু ছিল না ভোলার
---------
রচনাকাল : জুলাই ২০১৯

মন্তব্যসমূহ