১
কবেকার ভাঁজ করা চিঠিপত্র ছড়িয়ে আছে হেমন্তের টেবিলে
চাঁদ বেশি দূরে নয়
তোমার চোখ হলুদ আলো
অথবা গরাদে মাথা রেখে ঝিমিয়ে পড়া জোনাকীর অপেক্ষা
সবটুকুর চেয়ে দুর্বোধ্য এ অক্ষররাশি
আমায়
অসুখ চেনায়
"ভালো আছি " পরবর্তী হাইফেনেই তুমি সমুদ্র হয়ে ওঠো
আর ...
পরিচিত সম্বোধনগুলি আরেকবার কাঁথামুড়ি দিয়ে শোয়
শুশ্রূষার নামে
ইতি'র কাছে অনন্ত ঋণী হয়ে থাকে আমাদের যাবতীয় শীত
------------------
রচনাকাল : ২০১৭
২
হেমন্ত কুলীন ঋতু, কুয়াশাকে বলতে শুনেছি
ছাতিমের ঘোর আর গুটিকয় ভাসানের আলো
জানালায় এর বেশি কোলাহল রাখেনি কখনও
গোপনে ভেঙেছে শুধু শীতকাল গড়ে দেবে বলে
ধূসর উঠোনে তার কেটে যায় অসুখের দিন
"এই বেলা ভালো আছি, সেরে উঠবোই দেখে নিও"
চিঠি লিখবার ছলে নিজেকে নিজেই ছোঁড়ে ভ্রমে
ও কি সেরে ওঠে? কই প্রতিবার অজুহাত খাটে
নির্বিকার তবু তাকে ঘিরে বাঁচে সবুজের নামে
একেকটি ভোর আর প্রেমিকার ফেলে যাওয়া ফুল
কখনও ফিরতি পথে যদি খোঁজ নিতে আসে কেউ
উঠোনে দেখেই যেন 'ঘরে এসো' বলে দিতে পারে
হেমন্ত কুলীন বড়। অপেক্ষা সাজাতে ভালোবাসে
আতপের ঘ্রাণে লেখে নবান্ন ও ফসলের মাস
---------------
রচনাকাল : ২০১৮
মন্তব্যসমূহ