১
ক্রমশ ঋনী হয়ে আসছে ত্বক। পড়ে পাওয়া রোদ
আর দুপুরের ফুটনোটে প্রেমিক বিকেল
মাফলারে মেরুণ'ই ভালো ― বলেছিল কেউ
তারপর অনেক যত্নেও উলকাঁটা রপ্ত করতে পারেনি আঙুল
সোজাকাঁটা-উল্টোকাঁটা; শীতকাল, মায়া
শীতের বিড়াল প্রিয়। নখের মাপ'ও জানা, তবু নিরাপদ
অসাবধানে হাতমোজা ফেলে উঠে গেছে বিকেলের ছায়া
২
হারমোনিয়ামের ওপাশে বসেছে মেঘ
চৌকাঠে রাখা তার ভেজা ছাতা। মেঝের শরীর জুড়ে ফোঁটা ফোঁটা জল
জল; নরম আলোর মত মেঘের শরীর'ও
পর্দা সরিয়ে দিলে কাগজের নৌকোর দল
হাওয়া ঠেলে ঢুকে পড়ে। মেঘের গলার কাছে বৃষ্টিরা দুলে ওঠে
স্বরলিপি নামে রোদ মুঠো মুঠো পুষেছে আবেগ
―――――――
রচনাকাল : নভেম্বর ২০১৭
মন্তব্যসমূহ