একদুটো দিন গল্প শোনায় বৃষ্টিভেজা আশ্বিন মাস
একদুটো দিন এমনই হয়, মেঘ পেরোনো চায়ের কাপ
রটিয়ে দেয় মনের খবর, থমকে দাঁড়ায় নিম্নচাপ
থমকে দাঁড়ায় গানের লাইন, হাওয়ার চোখও ঝাপসা যেই
বিসর্জনের পরের ক'দিন সবাই বলে কাঁদতে নেই
রুমাল খুঁজি, চশমা মুছি, জানলা ভেজায় আকাশজল
একটা দুটো বাঁক পেরিয়ে চোখ মুছে দেয় মফঃস্বল
বাসস্টপও আজ একলা দাঁড়ায়। হয়ত কারোর আপনজন-
পথ হেঁটে যায় রঙিন ছাতায়। আকাশ খোঁজে পথিকমন
কন্সপিরেসি। সবটা বুঝি, আকাশ আমার বন্ধু নয়
এমন দিনে ভুল ঠিকানার অপেক্ষারাই বন্ধু হয়
ওরাই জানে, পাশের সিটে পদ্য পড়া মুখের পরে
আবছা চোখের সেই ছেলেটা আর দেখেনি ইচ্ছে করে-
ফুল কিংবা রোদের মুখ। কবিতাদের সাজিয়ে নিয়ে
সেই ছেলেটাই পাতায় পাতায় অচেনা নাম আকঁতে গিয়ে
হারিয়ে গ্যাছে নিজেই কখন সিগন্যালে আর ট্রাফিক জামে
আজও মেঘের উপত্যকায় খুঁজছে আলো একটা নামের ...
বৃষ্টিফোঁটা...
:
:
চমকে উঠি, খুচরো গুণে ভাড়া মেটাই নিয়মমাফিক
সময় হ'ল। নামতে হবে। থমকে আছে জলের ট্রাফিক
তিনটে মাসের ব্যবধানে, আজকে আবার উইন্ডো সিট
বৃষ্টিফোঁটা...খুঁজছি তোমায়, 'বৃষ্টিফোঁটা' আই রিপিট
--------------------
রচনাকাল : ১০ অক্টোবর' ২০১৭
মন্তব্যসমূহ