সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৃষ্টিফোঁটা ১

লোকাল বাসের উইন্ডো সিট, দিনের বয়স সকাল ন'টা
পাশের সিটে চুল সরিয়ে পদ্য পড়ে বৃষ্টিফোঁটা

বৃষ্টিফোঁটার বয়স কত? কী নাম আছে প্রোফাইলে?
আমার ফোনের ব্যাটারি লো, সকাল বিকেল রুপম চলে

লেন্সকার্টের চশমা বোধয়, বাঁয়ের ভুরু একটু কাটা
গরম ভীষণ, ব্যাগের চেনে রুমাল খোঁজে বৃষ্টিফোঁটা

কন্ডাক্টর খুচরো ফেরায়, পয়সা অচল শহর জুড়ে
ইচ্ছে হ'ল আকাশ মাটি সবটুকু দিই বিক্রি করে

একটু যদি মুখ ফেরাত, দেখত যদি একটুখানি
বলেই দিতাম, "বৃষ্টিফোঁটা, আমিও কবি, লিখতে জানি"

"বাস দাঁড়িয়ে ট্রাফিক জামে" কাকে যেন বলছে ফোনে
"দু'দশ মিনিট, পৌঁছে যাবে" সান্ত্বনা দিই নিজের মনে

বৃষ্টিফোঁটার কপালে ভাঁজ, চোখের নিচ-ও হালকা কালো
কেমন করে পারবে আকাশ এমনদিনে থাকতে ভালো

ইচ্ছে করে বন্ধু হবার আর্জি পাঠাই কাঁধের কাছে
"শান্ত ছেলে, মাসের শেষে অল্প কিছু মাইনে আছে

ভালোই হল, মেঘ জমেছে, আমিও আজ অফিস কাটি
জলের মিছিল, আমরা দুজন পা ভিজিয়ে সঙ্গে হাঁটি" ...

বলার মত হয়নি বলা, পাশের কানে গান মেশিন
গুনছি আমি, "আষাঢ় শ্রাবণ, দুটো মোটেই কান্নাদিন"

জ্যাম খুলেছে, বৃষ্টিফোঁটাও সিট ছেড়েছে অনেক্ষণ
ভিজছে শহর একলা আজও, জানলা আমার আপনজন

পেরিয়ে যাচ্ছে স্টপেজগুলো, কোথায় যেন নামতে হবে
দিনের বয়স থমকে আছে...এইতো এখন ন'টাই সবে
-------------

২৭ জুন, ২০১৭

মন্তব্যসমূহ