মেঘের পাড়ায় জানলা খোলা, রোদ'ও তেমন পর্দানশিন
ব্যাকফুটে শীত । অসময়ে জলের ছোঁয়াচ সামলে বসি
তবুও কি যায় বাঁচানো? বাঁ দিক ঘেঁষে অনর্গল
মনকেমনের গল্প শোনায় ধূসররঙা মফঃস্বল
এসব কথা বলতে মানা, ভাবতে গিয়েও হোঁচট খাই
চোখ তো তেমন পথ চেনেনা, ভরসা জোগায় আকাশটা-ই
গানের সুতোয় রাস্তা মাপি, হাওয়ার সুরেও দীর্ঘশ্বাস
ফিরতি সময় । ঝিমোয় দুপুর । তোমার বুঝি অন্য বাস
তোমার বুঝি বাড়তি বিকেল, সঙ্গী এবং কফি'র মাগ
আমার কাচে ঝাপসা আলোয় বাড়তে থাকে সন্ধেদাগ
বাড়তে থাকে বৃষ্টি নামের উটকো কিছু পাগলামো
মেঘের পসার । মন্দা বাজার । থমকে শীতের দরদাম'ও
মুখ ফেরালাম জানলা থেকে । মন ফেরেনি, ফিরছে খোঁজ
বৃষ্টিফোঁটা' নামের সাথেই অপেক্ষারাও ফিরছে রোজ
তেঁতো শোনায় আলোর পদ্য । বছরশেষে জ্বরের ঘোরে
একটা দুটো বাঁক ভেঙে যায়, ঢেউ'র মতই শব্দ ক'রে
বেবাক শুধুই আমার কথা । শব্দ গোপন ঠোঁটের ফাটায়
চিঠির নামে ভুল ঠিকানায় সস্তা প্রেমের গল্প পাঠায়
সস্তা প্রেমের মত'ই তো সৎ, কয়েকটা বাঁক বাড়ির কাছের
জানিয়ে দেয় নামতে হবে । অনেকটা পথ পেরিয়ে গেছে
.
.
এমনসময় সিগন্যালে বাস । ভীড়ের শেষে দাঁড়িয়ে আছে নদী
চিনতে কোথাও ভুল হবে না । ও পাড়েতেও তুফান ওঠে যদি
চোখের থেকে আলতো করে চুলের রেখা সরিয়ে নিও তুমি
দোহাই তোমায়, ভুল বুঝো না । বৃষ্টি তো নয় কেবলই মরশুমি
১১ ডিসেম্বর'২০১৭
মন্তব্যসমূহ