ঘুরলে বছর অনেকটা মেঘ, এমনি হারায় মায়ের মতো
বাদবাকি যা রাখতে চেয়েও হয়নি রাখা কার্যত
সেসব দেনা গুছিয়ে নিয়ে শহর ফেরে । লোকাল বাস
ভাবনা পোষা সিটের পাশে জানলা বসায় ইচ্ছেক্লাস
আমিই প্রথম । বাধ্য বড়ই । রাস্তা শেখায় অন্ত্যমিল
হাতের মুঠোয় কাচপোকা আর কাচের গায়ে মেঘমিছিল
দৃষ্টি এড়াই, সহজ ভাবি । কিন্তু বলা বেশ কঠিন
'আজও যে তার ছুটির দেরি । বৃষ্টি এসো অন্যদিন'
বৃষ্টি থামার ঢের অজুহাত । বরং তোমার আসার দায়
মেঘের থেকে ধূসর খানিক, আলোর পাশে হালকা প্রায়
মন তবুও সুর পেতে দেয় । বেসুর বাজে ছন্দ তার
বিদ্রুপে ফের আঙুল থামায়, পথের গতি নির্বিকার
ও নাম তোমার পছন্দ নয়, আকাশ এসে বললো যেই
আমার মুঠোয় গলছে সময়, তোমায় জানাই সাধ্যি নেই
বেবাক তখন পদ্যবিকেল, মিথ্যে বড়াই, মিথ্যে খোঁজ
অধরা সেই প্রেম ভাঙিয়ে আঁকছি আলো, মুছছি রোজ
দিনের পাশে দিন বসিয়ে নামতা পড়াই দুঃখকে
খুঁজছি তোমায়, চাইছি ভীষণ । বলতে মানা বুক ঠুকে
বলতে মানা আর কত কী, মুখ ফিরিয়ে আলোর বাঁক
বর্ষা যখন খোদ প্রেমিকা, মনখারাপের গল্প থাক
চশমা, রুমাল, খুচরো, বিকেল নাহয় যেমন গুছিয়ে নিই
তোমায় গোছাই চোখের পাতায় । আপত্তি নেই তাও জানি
অপেক্ষারা বিদ্রোহ চায়, আমিও চাই সফল হোক
মাঝআকাশে ট্রাফিক রুখে বলবে সেদিন মেঘবালক
'তোমায় নিয়ে লিখতে বসে এক পৃথিবী-ই কম পড়ে
বৃষ্টিফোঁটা...ভাসতে শেখাও । ডুবছি তুমুল এই ঝড়ে'
১০ জুন'২০১৮
মন্তব্যসমূহ