সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বৃষ্টিফোঁটা ৭



দিগন্তে রঙ নিম্নচাপের, আকাশ ধোওয়া জলে
আষাঢ়-ও আজ স্মৃতিপ্রবণ ।  আবছা মফস্বলের

বর্ষা তবে একলাটি যায়, একলাটি ফের আসে
মাঠে, কাদায়, গলির মোড়ে, লোকাল বাসে বাসে

আমার-ও আজ ব্যস্ত সময় । শহর বদলেছে
ফেরা তো আর হয় না তেমন মফস্বলের কাছে

উইন্ডো সিট একই আছে, এখন অন্যকারও
ভাঙা কাচের গল্প সাজায়, বৃষ্টিফোঁটার-ও

দিনের পরে দিন গিয়েছে সহজে, অভ্যেসে
সে রূপকথা ফুরোয়নি আর হৃদয়পুরে এসে
.
.
.

ফুরোয়নি না? বোধয় কিছু রয়েই গ্যাছে তবে
বৃষ্টিফোঁটা, তোমায় আমায় আবার দ্যাখা হবে ?

হয়ত কোনও লোকাল বাসেই আপাদমস্তক
বৃষ্টিভিজে উঠলে এসে । আমার গ্রীষ্মপোড়া চোখ

তখনও ঠিক 'দোজখনামা'য় । কিছুই দেখিনি তো!
পাতার ভাঁজে শ্বাস জমিয়ে রাখছি অবিরত

ঠিক যেরকম তোমার আমার প্রথম সাক্ষাতে
থমকে ছিল জলের ট্রাফিক রাস্তাতে রাস্তাতে

সে মোড় থেকেই মেঘের মিছিল, বিদ্রোহদের নাম
খুঁজতে খুঁজতে বৃষ্টিফোঁটা, তোমায় হারালাম

আর কি পাবো ! আর কি কোথাও অসম্ভবের মাঝে
পড়ব তোমায়, চিনবো আবার আন্দাজে আন্দাজে

ভাবছি এসব । এই শহরে অন্য রঙের জল
অন্য আলো, গল্পগুলো-ও অশান্ত, চঞ্চল

বদলেছে কাচ স্বপ্ন দেখার, জানলা এবং পথ-ও
তবুও এই আষাঢ়-বিকেল ঠিক সেদিনের মতোই

আমায় হাসায়, কাঁদায় । একাই জ্বালিয়ে রাখে আলো

২৩ জুন'২০১৯

মন্তব্যসমূহ